ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

মন্ত্রী চলে যাওয়ার পর বিশৃঙ্খলা, হুড়োহুড়ি করে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ

মন্ত্রী চলে যাওয়ার পর বিশৃঙ্খলা, হুড়োহুড়ি করে ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ
×

ছবি- সমকাল

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি 

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২২:৩৯

চট্টগ্রামের সাতকানিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চলে যাওয়ার পরপরই বন্যাদুর্গত মানুষের মধ্যে হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় দুটি ট্রাকে থাকা ত্রাণসামগ্রী বিশৃঙ্খলভাবে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় একজন আহত হন।

বুধবার বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের বিশ্বেশ্বর হাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, ত্রাণমন্ত্রী এওচিয়া ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্সে মধ্যাহ্নভোজ সারেন। পরে বাজালিয়া ইউনিয়ন পরিষদসংলগ্ন সাংগু নদীর ভোর বাজার ঘাট থেকে নৌকায় বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে ধর্মপুর ইউনিয়নের বিশ্বেশ্বর হাটে পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে কয়েকজনের হাতে প্রতীকীভাবে ত্রাণসামগ্রী তুলে দেন।

মন্ত্রী ঘটনাস্থল ত্যাগ করার পরপরই অপেক্ষমাণ বন্যাদুর্গতদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। এ সময় দুটি ট্রাকে থাকা ত্রাণসামগ্রী নিতে ভিড় করেন তারা। বিশৃঙ্খলার মধ্যে স্থানীয় একজন আহত হন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক ট্রাকের ওপর উঠে ত্রাণের প্যাকেট নিচে থাকা মানুষের মধ্যে বিতরণ করছেন। পরে ট্রাক দুটি এলাকা থেকে বের হওয়ার সময়ও ত্রাণ নেওয়াকে কেন্দ্র করে হুড়োহুড়ি অব্যাহত থাকে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ত্রাণসামগ্রী বাইরের কেউ নিয়ে যায়নি। যারা লাইনে অপেক্ষা করছিলেন, তারাই একপর্যায়ে বিশৃঙ্খলভাবে নিয়েছেন। এগুলো বাইরের কারও হাতে যায়নি।

আরও পড়ুন

×