বাল্কহেড থেকে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীতে নির্ধারিত টোলের অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগ করেছেন বাল্কহেড মালিক শ্রমিকরা। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ লঞ্চঘাটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন তারা। বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ নৌযান মালিক ও শ্রমিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে প্রতিটি বাল্কহেড থেকে চলমান অবস্থায় দৈনিক চার হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অথচ পূর্ববর্তী বছরগুলোতে এই হার ছিল অর্ধেক।
বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন বলেন, নারায়ণগঞ্জ সম্ভুপুরা এলাকায় বিআইডব্লিউএর নাম ভাঙিয়ে জাকির হোসেন নামে এক ব্যক্তি টোল আদায় করছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন খুব দ্রুত এই অতিরিক্ত টোল আদায় বন্ধ হয়। সমিতির সভাপতি মো. মারফত আলী মিজি বলেন, এভাবে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা দিয়ে আমাদের পক্ষে ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব নয়। অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা না হলে আমরা ঢাকায় বিআইডব্লিউটিএ কার্যালয় ঘেরাওসহ নদীপথ অচল করে দেওয়ার মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
ইজারাদার মো. জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারি নিয়ম মেনেই টোল আদায় করা হচ্ছে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
জানতে চাইলে মেঘনা বিআইডব্লিউটিএর উপপরিচালক মো. রেজাউল করিম বলেন, অতিরিক্ত শুল্ক আদায়ের বিষয়টি সত্য নয়। সরকারি নিয়মে ৬০ পয়সা দেওয়ার কথা থাকলেও তারা ফুট প্রতি ৩০ পয়সা ইজারা দিচ্ছে। ইজারাদার জাকির হোসেন আমাদের জানিয়েছেন তারা ৩০ পয়সার বেশি ইজারা পাচ্ছেন না। তিনি আরও জানান, বন্দর এরিয়ার মধ্যে ফুট প্রতি ৫০ পয়সা এবং বন্দরের বাইরে ৬০ পয়সা রাখার কথা।
বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির সভাপতি মারফত আলী মিজির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি বনি আমিন পারভেজ, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম হুমায়ুন, সাইদুর রহমান সাঈদ ও সাইদুল রহমান মোল্লা, সহসাংগঠনিক সম্পাদক মো. জামান খান, কোষাধ্যক্ষ আবুল বাশার, সহ-কোষাধ্যক্ষ মুকুল মাদবর প্রমুখ।
- বিষয় :
- টোল আদায়