ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
×

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। ছবি: সমকাল

রংপুর অফিস ও পীরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৫:১৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৭:৩৫

জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রংপুরের জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনা—অর্থাৎ আবু সাঈদ, ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদের আত্মত্যাগ—আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার প্রেরণা হয়ে থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে। একই সঙ্গে বিরোধী দলও এ ক্ষেত্রে সহযোগিতা করছে। সরকারি ও বিরোধী দল একসঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করার পাশাপাশি জুলাই সনদও অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায়। তবে বিরোধী দলের সংসদীয় বক্তব্যকে তিনি তাদের রাজনৈতিক অবস্থান বলে মন্তব্য করেন।

আহমেদ আযম খান বলেন, বর্তমান সরকার জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়েই কাজ করে যাচ্ছে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।

১৬ জুলাইয়ের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, ‘ঐতিহাসিক ১৬ জুলাই, বেদনাবিধুর ১৬ জুলাই, সংগ্রাম ও বিদ্রোহের ১৬ জুলাই। দুই বছর আগে এদিন রংপুরের আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার দিনটিকে জাতীয় শহীদ দিবস ও জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে।’

তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে নতুন ও পুরোনো প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পৃথক একটি দপ্তর গঠন করা হয়েছে। জুলাইয়ের চেতনা ধারণ করেই গণতন্ত্রকে আরও শক্তিশালী করা হবে।

জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শক্তি যেভাবে মানুষ হত্যা করেছে, তাদের কাউকে ক্ষমা করা হবে না। প্রত্যেক দোসরকে আইনের আওতায় আনা হবে। তবে বিচারের নামে কোনো প্রহসন হবে না। প্রকৃত অপরাধীদেরই বিচার করা হবে, যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হন।

এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, '১৬ জুলাই প্রশাসনের গুলিতে আবু সাঈদ রক্তাক্ত হয়েছিলেন। এরপরও তাঁর কণ্ঠে ছিল গণতন্ত্রের আহ্বান। জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার এবং জুলাই যোদ্ধাদের অধিকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।'

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ দিবস উপলক্ষে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

এদিকে দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, দোয়া মাহফিল এবং আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মোনাজাতের কর্মসূচি পালন করছে।

বিকেলে মন্ত্রী পীরগঞ্জ উপজেলার বাবনপুরে শহীদ আবু সাঈদের সমাধিস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
 

আরও পড়ুন

×