ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

আবু সাঈদের চেতনা নতুন প্রজন্মকে জাগিয়ে তুলছে: শিবির সভাপতি সাদ্দাম

আবু সাঈদের চেতনা নতুন প্রজন্মকে জাগিয়ে তুলছে: শিবির সভাপতি সাদ্দাম
×

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরে ইসলাম সাদ্দাম। ছবি: সমকাল

পীরগঞ্জ (রংপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৫:৪১ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৬:৪৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরে ইসলাম সাদ্দাম বলেছেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ ও চেতনা নতুন প্রজন্মকে দেশপ্রেম, ন্যায়বিচার এবং সত্যের পক্ষে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাচ্ছে।

বৃহস্পতিবার জুলাই শহীদ দিবস ও আবু সাঈদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জে তাঁর কবর জিয়ারত ও দোয়া শেষে তিনি এ কথা বলেন।

সাদ্দাম বলেন, আবু সাঈদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। তাঁর চেতনা আজ দেশের তরুণ সমাজকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করছে। শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শিবির সভাপতি আরও বলেন, যারা ইসলামের পথে শহীদ হয়, তাদের তোমরা তাঁদের নিহত বলো না। আবু সাঈদ শুধু বাংলাদেশের নন, তাঁর নাম সারা বিশ্বে পরিচিত। তিনি সাহসের প্রতীক, তরুণ প্রজন্মকে জাগিয়ে তোলার প্রতীক। তাঁর আত্মত্যাগই জুলাই বিপ্লবকে বেগবান করেছিল। দুই হাত প্রসারিত করে তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন, জীবন দিতে হলেও ফ্যাসিবাদকে বিদায় জানাতে হবে। এ ভূখণ্ডের কোনো ন্যায্য আন্দোলন কখনো ব্যর্থ হয়নি।

এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
 

আরও পড়ুন

×