ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ

বোয়ালখালীতে লবণ কারখানায় অগ্নিকাণ্ডে ১১ শ্রমিক দগ্ধ
×

চমেক হাসপাতালে চিকিৎসাধীন বোয়ালখালীর লবণ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে দগ্ধরা। ছবি-সমকাল

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৮:৩৯

চট্টগ্রামের বোয়ালখালীতে এক লবণ ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের ১০ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে। 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, কারখানায় শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে কর্মরত ১১ শ্রমিক দগ্ধ হন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন।

দগ্ধ শ্রমিকরা হলেন- দিদারুল আলম (৩২), উজ্জ্বল দাশ (৫৩), মোহাম্মদ লিটন (২৮), সিরাজুল ইসলাম (৩৪), জাহিদুল আলম (৪২), জাহিদ হোসেন (৩৮), নূর নবী (২৫), মোহাম্মদ আলম (৪৫), মাহামুদুল হক (৪৫) এবং সেলিম উদ্দিন (৩০)। তাঁদের বাড়ি বোয়ালখালী, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম নগর, লোহাগাড়া, রাউজান, পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকার।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলা উদ্দিন বলেন, আগুনে দগ্ধ ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এছাড়া দগ্ধ আহসানুল হক (৪৫) নামের আরেক শ্রমিক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা।

এ বিষয়ে কারাখানার ম্যানেজার (এডমিন) মো. বোরহানের সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ আজাহার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিভিয়ে ফেলার তথ্য দেওয়ায় আমরা ফিরে এসেছি। 

আরও পড়ুন

×