কুলাউড়া সীমান্ত
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ৬ বাংলাদেশি আটক
ফাইল ছবি
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৯:১০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় বুধবার রাতে পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
আটকরা হলেন সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার মৃত বিশ্বনাথ ঘোষের পুত্র হেমন্ত ঘোষ (৩১), নড়াইল জেলার কালিয়া উপজেলার হেমন্ত ঘোষের স্ত্রী সীমা বিশ্বাস (২৯), নড়াইল উপজেলার বখতিয়ার রহমানের মেয়ে রোমেনা (৩৬), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার হৃদয় খানের স্ত্রী শ্রাবণী আক্তার (২৪) ও চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মৃত জাহাঙ্গীর শিকদারের স্ত্রী সাজেদা বেগম (৩০)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় গত বুধবার (১৫ জুলাই) দুপুরের দিকে কুলাউড়ার ইছাছড়া পুঞ্জি সংলগ্ন ১৮৪১ নম্বর সীমান্ত পিলার এলাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন তারা। এ সময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালেরা পালিয়ে যায়। বুধবার রাতে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি।
মুরইছড়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে ভারতে যেতে চেয়েছিলেন বলে জানান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম বলেন, বিজিবির দায়ের করা মামলায় পাঁচজনকে আটক দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে। দালালদের আটক করতে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- কুলাউড়া
- ভারতে প্রবেশের চেষ্টা
- বিজিবি