ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ তরুণের

নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ তরুণের
×

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৭:৪০

টাঙ্গাইলের মির্জাপুরে নৌকাভ্রমণে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে বংশাই নদীর পাশে উপজেলার চাকলেশ্বর-থলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন-শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

স্থানীয়রা জানায়, গাজীপুরের ভাওয়াল থেকে বৃহস্পতিবার বিকেলে ৪০ থেকে ৫০ জনের একদল গার্মেন্টস কর্মী, বাস ও ইটভাটার শ্রমিক নৌকা ভ্রমণে বের হয়। রাত ৮টার দিকে নৌকাটি বংশাই নদীর পাশে মির্জাপুর উপজেলার চাকলেশ্বর- থলপাড়া এলাকায় পৌঁছায়। এসময় নৌকাটি ওই এলাকা দিয়ে প্রবাহিত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মারা যায়। এই ঘটনায় আহত হয় আরো ৪ জন। 

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ, স্থানীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায়। 

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। 

আরও পড়ুন

×