বরিশালে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২
ফাইল ছবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৯ | ২৩:৫৭ | আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ | ০০:৪২
বরিশালে নগরীর কাশীপুর বাজারে ব্যাটারি চালিত অটোরিকশায় প্রাইভেটকারের ধাক্কায় সালেহা বেগম (৫৫) ও আবুল হাশেম (৫০) নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে কাশীপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালেহা বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের আব্দুর রবের স্ত্রী এবং অটোরিকশা চালক হাশেম কাশীপুর এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকার একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সালেহা বেগমের মৃত্যু হয় এবং অটোরিকশা চালক হাশেম গুরুতর আহন হন। পরে তাকে উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হাশেমকে মৃত ঘোষণা করেন।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে সমকালকে জানান, প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে এবং তার চালক মশিউর রহমানকে আটক করা হয়েছে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
