জৈন্তাপুরে সেই অবৈধ পশুর হাটে উচ্ছেদ অভিযান
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৯:১২
| প্রিন্ট সংস্করণ
দৈনিক সমকালে সংবাদ প্রকাশের এক দিন পর সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল বাজারে অবৈধভাবে পরিচালিত পশুর হাট উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারের আটটি শেডের মধ্যে চারটি উচ্ছেদ করা
হয়েছে। বাকি চারটি শেডের মালিকরা ব্যক্তিমালিকানার জমিতে অনুমতি নিয়ে স্থাপনা নির্মাণের দাবি করায় তাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার সময় দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের নির্দেশে চিকনাগুল পশুর হাটে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অনুমতি দাবি করা হয়েছে ব্যক্তিমালিকানাধীন কিছু স্থাপনার বিষয়ে। তাদের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত বুধবার ‘কোরবানির ৫ দিনের পশুর হাট দেড় মাস ধরে বহাল’ শিরোনামে সমকালে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঈদুল আজহা উপলক্ষে পাঁচ দিনের জন্য ইজারা নেওয়া অস্থায়ী পশুর হাট প্রায় দেড় মাস ধরে পরিচালিত হচ্ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, আওয়ামী লীগ নেতা ও এক ইউপি চেয়ারম্যানের মদদে সাবেক এক ইউপি সদস্যসহ কয়েক ব্যক্তি বাজার থেকে নিয়মিত হাসিল আদায় করছিলেন এবং রসিদও দিচ্ছিলেন। অভিযোগ রয়েছে, কোরবানির ঈদে ৩ লাখ ১০ হাজার টাকায় ইজারা নেওয়া হাটটি পরে প্রায় ৫০ লাখ টাকায় একটি সিন্ডিকেটের কাছে হস্তান্তর করা হয়। এর পর থেকে ওই সিন্ডিকেট বাজারটি নিয়ন্ত্রণ করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও এতদিন কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্থানীয়রা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে অবৈধভাবে পরিচালিত পশুর হাট পুরোপুরি বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
- বিষয় :
- পশুর হাট