মির্জাপুরে ১৫ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় নিহত ৫, আহত ১১
প্রতীকী ছবি
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৬:১৪
টাঙ্গাইলের মির্জাপুরে ১৫ ঘণ্টার ব্যবধানে পৃথক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১১ জন। বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত উপজেলার চাকলেশ্বর-থলপাড়া, বুধিরপাড়া, কোদালিয়া ও কাটরা গ্রামে দুর্ঘটনাগুলো ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে উপজেলার চাকলেশ্বর-থলপাড়া এলাকায়। গাজীপুরের ভাওয়াল থেকে বৃহস্পতিবার ৪০ জনের একদল গার্মেন্টস কর্মী, বাস ও ইটভাটার শ্রমিক নৌকা ভ্রমণে বের হন। ফেরার পথে রাত ৮টার দিকে নৌকাটি চাকলেশ্বর-থলপাড়ায় পৌঁছালে সেখানে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলে ২ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এই ঘটনায় আহত হন ৪ জন।
নিহতরা হলেন শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং নিলফামাড়ি সদর উপজেলার আজাহার আলীর ছেলে সাজ্জাদ (৩১)। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আহতদের কুমুদিনী হাসপাতালে পাঠায়।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে মির্জাপুরের বুধিরপাড়া বিলে। ওই বিলে নৌকায় মাছ ধরতে গিয়ে পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে সুশান্ত রাজবংশী (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এসময় তার সঙ্গে থাকা আরও সাতজন আহত হন। সুশান্ত উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়ার সুজন রাজবংশীর ছেলে।
স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নৌকা করে সুশান্ত তার সহযোগীদের নিয়ে ওই বিলে মাছ ধরতে যান। এসময় হেলে থাকা বিদ্যুতের খুটির তারে নৌকা আটকে গেলে বিদ্যুতায়িত হয়ে সবাই ছিটকে পানিতে পড়ে যান। সবাই তীরে উঠতে পারলেও সুশান্ত নিখোঁজ হন। খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল ২ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সকাল ৯টার দিকে সুশান্তর মরদেহ উদ্ধার করে।
এদিকে শুক্রবার সকাল ৭টার দিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের রুস্তম আলী (৭০) নামে এক কৃষক বাড়ির পাশের খালে পাট জাগ দিতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রুস্তম আলী সকালে বাড়ির পাশের খালে পাট জাগ দিতে যান। প্রথম দফায় এক বোঝা পাট জাগ দিয়ে দ্বিতীয়বার আবার আরেক বোঝা পাট নিয়ে যান। দীর্ঘ সময় ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খুঁজতে বের হন। পরে মির্জাপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুড়ি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
এছাড়াও শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের কাটরা লৌহজং নদীতে ভাসমান অবস্থায় জুলহাস মোল্লা (৪৮) নামে একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মির্জাপুর থানার উপপরিদর্শক নাইমুল হক।
মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, ডুবুড়ি দল চেষ্টা চালিয়ে বুধিরপাড়া বিল ও কোদালিয়া খাল থেকে মরদেহ উদ্ধার করেছে।
মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।