ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

সরকারি শিশু পরিবারে ধর্ষণ

ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষা সম্পন্ন, আদালতে জবানবন্দি

ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষা সম্পন্ন, আদালতে জবানবন্দি
×

ফাইল ছবি

ফরিদপুর অফিস

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ১৯:৩৭

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবার (বালিকা)-এ ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়া ১৪ বছর বয়সী এক কিশোরীর শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই সঙ্গে আদালতে তার জবানবন্দিও লিপিবদ্ধ করা হয়েছে। এ ঘটনায় জেলা প্রশাসনের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি সোমবার থেকে তদন্তকাজ শুরু করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম শুক্রবার সকালে জানান, গত রোববার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) কিশোরীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় আলামতও সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, ১ নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কিশোরীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তসলিমা আক্তারের কাছে দেওয়া জবানবন্দিতে কিশোরী জানিয়েছেন, এক দর্জি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছেন। তবে তিনি অভিযুক্ত ব্যক্তির নাম বলতে পারেননি। বর্তমানে কিশোরী মানসিকভাবে বিপর্যস্ত থাকায় খুব কম কথা বলছেন।

এসআই শফিকুল ইসলাম বলেন, এ মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি ওয়াহিদ শেখের (৫৪) সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

এদিকে ঘটনার তদন্তে জেলা প্রশাসক মাজহারুল ইসলামের গঠিত চার সদস্যের তদন্ত কমিটি গত সোমবার সরকারি শিশু পরিবার (বালিকা) পরিদর্শনের মাধ্যমে তদন্তকাজ শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তথ্য-উপাত্ত সংগ্রহ শেষে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা বলেন, সোমবার থেকে তারা তদন্তকাজ শুরু করেছেন।

কমিটির সদস্যসচিব করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল সুলতানাকে। অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন এবং সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল কর্মকর্তা (ডিআরএস) নূপুর পাল।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফরিদপুর ব্লাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী বলেন, সরকারি শিশু পরিবারের এ ঘটনা প্রকাশ্যে আসার পর তারা বিষয়টি জানতে পেরেছেন। এর আগে এমন ঘটনা ঘটেনি- এ নিশ্চয়তা কে দেবে, এমন প্রশ্ন তুলে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ৬ জুলাই সরকারি শিশু পরিবার (বালিকা)-এর এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা প্রকাশ্যে এলে সমাজসেবা অধিদপ্তরের শিশু পরিবার (বালিকা)-এর তত্ত্বাবধায়ক মোহাম্মদ আরিফ হোসেন বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন। ঘটনার পর প্রতিষ্ঠানটির পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

×