রংপুরে ২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু
ছবি: সংগৃহীত
রংপুর অফিস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৩:০৫
রংপুরের পীরগাছায় প্রায় ২০ মিনিটের ব্যবধানে একই এলাকায় পৃথক দুটি ট্রেন দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। এর মধ্যে সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় একজন এবং লালমনিরহাটগামী ‘পদ্মরাগ’ ট্রেনের নিচে কাটা পড়ে আরেকজন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিট থেকে সাড়ে ১২টার মধ্যে উপজেলার সদর ইউনিয়নের সুখানপুকুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—উপজেলার দক্ষিণ দুধিয়াবাড়ী গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী রাশেদা বেগম (৪৫) এবং তাম্বুলপুর ইউনিয়নের পরাণ গ্রামের আবু তাহেরের মেয়ে আইরিন আক্তার তারিন (২১)।
পীরগাছা রেলস্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশনে ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিল। দুপুর ১২টা ১০ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় সুখানপুকুর এলাকায় রাশেদা বেগমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তিনি আরও জানান, এর প্রায় ২০ মিনিট পর দুপুর ১২টা ৩০ মিনিটের (বা সাড়ে ১২টার) দিকে পদ্মরাগ ট্রেনটি পীরগাছা স্টেশন ছেড়ে আউটার সিগন্যালের দিকে যাওয়ার সময় আইরিন আক্তার তারিন রেললাইনে শুয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হাসান বলেন, দুই মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- রংপুর
- ট্রেন দুর্ঘটনা