ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে পর্যটকের মৃত্যু
×

প্রতীকী ছবি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৫:১৯ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ০৫:২০

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পা পিছলে পড়ে মো. রাফসান (২০) নামের এক পর্যটক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী ‘ঢাকা মেইল’ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফসান নরসিংদী জেলার মাধবদী উপজেলার সাইদুল বেপারীর পুত্র। তাঁরা চার বন্ধু নরসিংদী থেকে ট্রেনযোগে সীতাকুণ্ডে বেড়াতে এসেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান। রাফসানের সঙ্গে বেড়াতে আসা অন্য বন্ধুরা হলেন—মো. রাব্বি, রবিন ও রাকিব।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদী জেলা থেকে ট্রেনের ছাদে চড়ে চার বন্ধু সীতাকুণ্ডে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। ট্রেনটি সীতাকুণ্ড রেল স্টেশন এলাকায় থামলে হুড়োহুড়ি করে নামতে গিয়ে মো. রাফসান পা পিছলে নিচে পড়ে যান। ছাদ থেকে পড়ার সময় তাঁর মাথা নিচের দিকে থাকায় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে তাঁর বন্ধুরা মিলে তাৎক্ষণিকভাবে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, ট্রেন দুর্ঘটনায় আহত তরুণকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণ ও মাথায় গুরুতর আঘাতের কারণেই তাঁর মৃত্যু হয়।

নিহতের বন্ধু মো. রাব্বি বলেন, বৃষ্টি হওয়ার কারণে ট্রেনের ছাদে পানি জমে পিচ্ছিল হয়ে ছিল। ট্রেন থেকে তাড়াহুড়ো করে নামার সময় আমাদের বন্ধু রাফসান পা পিছলে নিচে পড়ে যায়। এতে তাঁর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। 

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, চার বন্ধু নরসিংদী থেকে ট্রেনযোগে বেড়াতে এসে ছাদ থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে রাফসান নামের ওই তরুণ নিহত হন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন

×