ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

মানুষের সেবা করেই মন জয় করতে চাই: সৈয়দ ফয়সল

মানুষের সেবা করেই মন জয় করতে চাই: সৈয়দ ফয়সল
×

ফাইল ছবি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ১৫:৫৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ১৬:০৪

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেছেন, মানুষের সেবা ও কল্যাণ নিশ্চিত করেই জনগণের মন জয় করতে চাই। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। আমি মানুষের সেবা করতে চাই। জনগণ যাতে ভালো সেবা পায়, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। 

শনিবার সকালে মাধবপুর উপজেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সৈয়দ মো. ফয়সল বলেন, চিকিৎসকদের দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা দিতে হবে। হাসপাতালের খাবারের মান উন্নত করার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সমাজে চুরি, ডাকাতি ও অস্থিরতা সৃষ্টি করে যারা মানুষের শান্তি নষ্ট করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।

সরকার মাধবপুর উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করেছে উল্লেখ করে তিনি বলেন, এটি পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে উপজেলার মানুষ আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে। হাসপাতালের চিকিৎসক সংকট, ওষুধের স্বল্পতা, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য অবকাঠামোগত সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সৈয়দ মো. ফয়সল বলেন, সীমিত জনবল ও চিকিৎসা সরঞ্জাম নিয়েও চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যা প্রশংসার দাবিদার। তবে ক্রমবর্ধমান জনসংখ্যার তুলনায় বর্তমান সুযোগ-সুবিধা যথেষ্ট নয়। 

তিনি জানান, মাধবপুর উপজেলা হাসপাতালের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তিনি ইতোমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, মাধবপুর থানার অফিসার ইনচার্জ মো. সোহেল রানা, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

 

 

আরও পড়ুন

×