সুনামগঞ্জ কারাগারে বন্দির মৃত্যু
ফাইল ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২১:০৭
সুনামগঞ্জ জেলা কারাগারে এক বন্দির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই বন্দি। মৃত বন্দির নাম আক্কাস আলী (৪৮)। তিনি সুনামগঞ্জ শহরতলির সুরমা ইউনিয়নের আলী হোসেনের ছেলে। আজ শনিবার বিকেলে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, আক্কাস আলী চার লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গত ২৩ মে সুনামগঞ্জ সদর আদালতের বিচারক তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি সুনামগঞ্জ কারাগারে বন্দি ছিলেন।
সুনামগঞ্জ কারাগারের জেলার মো. মাঈনুদ্দিন ভূঁইয়া জানান, গতকাল শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে কারাগারের ভেতরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন বন্দি আক্কাস আলী। তাৎক্ষণিকভাবে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে রাত ১১টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে আজ দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।