ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
×

আব্দুস শুকুর

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২১:৩৭ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ২১:৩৮

পাবনার সাঁথিয়ায় আব্দুস শুকুর (৫৬) নামে কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার বিকেলে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাঁশবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুস শুকুর সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানার রতনপুর গ্রামের মৃত রোকন প্রামাণিকের ছেলে।

কার্যক্রম নিষিদ্ধ ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস বিশ্বাসের ছেলে রুমি বিশ্বাস জানান, নিহত আব্দুস শুকুর উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন আত্মীয়-স্বজন ও পরিচিতজনের কাছে খোঁজখবর নেন। তবে কোথাও তাঁর সন্ধান মেলেনি। আজ শনিবার সকালে পরিবারের পক্ষ থেকে আতাইকুলা থানায় বিষয়টি জানানো হয়। এরপর পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে।

শনিবার বিকেলে রতনপুর এলাকার উজিরের বাঁশবাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

নিহতের স্বজনদের দাবি, পরিকল্পিতভাবে তাঁকে ডেকে নিয়ে কোনো নির্জন স্থানে হত্যা করা হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের পেছনের মূল কারণ সম্পর্কে তাঁরা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। 

ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান ওসি। 

আরও পড়ুন

×