যশোরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৬
ছিনিয়ে নেওয়া হয় প্রেমিকের ইজিবাইক
ম্যাপ
নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২২:৪৩
যশোরের অভয়নগর থানায় এক কিশোরীকে (১৬) তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার প্রেমিক। গত বৃহস্পতিবার রাতে মেয়েটি ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় গত শুক্রবার ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের শনিবার কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের আরমান গাজী, হাসান মোড়ল, সাজ্জাদ সরদার, সাজিদ হোসেন, মামুন গাজী ওরফে ভুট্টো গাজী ও শফিক মোল্যা। এ ঘটনায় আরও দুই-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
মামলার বাদী তরুণ পেশায় ইজিবাইক চালক। শুক্রবার রাতে থানায় দেওয়া এজাহারে তিনি উল্লেখ করেন, সম্প্রতি পাটকলে কর্মরত এক কিশোরীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক হয়। দুজন মিলে গত বৃহস্পতিবার ইজিবাইকে শংকরপাশা গ্রামে ঘোরাঘুরি করছিলেন। এক পর্যায়ে ৮-১০ জন স্থানীয় ব্যক্তি ইজিবাইক থামিয়ে বাদীকে মারধর করেন। পরে তাঁর প্রেমিকা ও ইজিবাইক ছিনিয়ে নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। রাত ২টার দিকে শংকরপাশা গ্রামের মনিরুল ইসলামের দোকানের পাশে নিয়ে আরমান গাজীসহ কয়েকজন মেয়েটিকে ধর্ষণ করেন।
এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন ভুক্তভোগী কিশোরী ও তার প্রেমিক। সমকালকে মামলার বাদী তরুণ বলেন, তিনি এ ঘটনায় ন্যায়বিচার চান। এ জন্য ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় দুই-তিনজনের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা করেছেন। এতে ধর্ষণ ও চাঁদা দাবির অভিযোগ জানিয়েছেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, ধর্ষণ ও চাঁদা দাবির ঘটনায় এক তরুণ মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত ৬ আসামিকে গ্রেপ্তার করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে।
- বিষয় :
- যশোর
- কিশোরীকে ধর্ষণ