সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা। ছবি: সমকাল
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১১:১৭ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১২:৫৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত এবং অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। রোববার সকালে উপজেলার কুমিরা ইউনিয়নের রয়েল গেট ও ইলিয়াস পেট্রোল পাম্প এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকাল ৮টার দিকে চট্টগ্রামমুখী লেনে রয়েল গেট এলাকায় জিএস পরিবহনের একটি বাসের চাপায় মো. ইমন নামে এক শ্রমিক নিহত হন। রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইমন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আব্দুস সালামের ছেলে। তিনি সীতাকুণ্ড এলাকায় একটি ভবন নির্মাণকাজে দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
অন্যদিকে, সকাল ১০টার দিকে কুমিরা ইউনিয়নের ইলিয়াস পেট্রোল পাম্প এলাকায় ঢাকামুখী লেনে জোনাকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ছয়জনকে সীতাকুণ্ড ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া বাস উল্টে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সীতাকুণ্ড ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।