অস্ত্রোপচারের পর কলেজছাত্রীর মৃত্যু, ‘ভুল চিকিৎসার’ অভিযোগে তদন্ত কমিটি
প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৫:৪৪
ফরিদপুরে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের পর এক কলেজছাত্রীর মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন স্বজনেরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
নিহত আয়েশা আফরিন (১৭) সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৈলাশের ডাঙ্গী গ্রামের প্রবাসী লিটন মাতুব্বরের মেয়ে। তিনি ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, বৃহস্পতিবার বিকেলে তীব্র পেটব্যথা নিয়ে আয়েশাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আল জারা প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত বলে জানান এবং রাত ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তার অস্ত্রোপচার করা হয়।
স্বজনদের দাবি, অস্ত্রোপচারের পর থেকেই আয়েশার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত ৩টার দিকে তাকে শহরের টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের মা আলেয়া বেগম বলেন, তার মেয়েকে সুস্থ অবস্থায় অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসায় গাফিলতির কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তি দাবি করেন তিনি।
স্বজনদের অভিযোগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসক অস্ত্রোপচারটি করেন। তবে ঘটনার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে দাবি পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানায়, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে তারা রাজি হয়নি।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শুরু করেছে। তদন্তে কারও অবহেলা বা গাফিলতির প্রমাণ মিললে স্বাস্থ্য বিভাগের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ফরিদপুর
- অস্ত্রোপচার
- ভুল চিকিৎসায় মৃত্যু