টেকনাফে নাফ নদীর তীরে ভেসে এল আরও এক যুবকের মরদেহ
১২ দিনে উদ্ধার হলো ৬ মরদেহ
প্রতীকী ছবি
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৫:৩০ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৫:৪৩
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে নাফ নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে আসা অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে শাহপরীর দ্বীপ জেটিঘাট-সংলগ্ন বিজিবি বিওপির সামনে নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মন্নান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তবে দীর্ঘ চেষ্টা সত্ত্বেও এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
টেকনাফ নৌপুলিশের সাব-ইন্সপেক্টর সুমন চন্দ্র নাথ জানান, দীর্ঘ সময় পানিতে ভেসে থাকায় মরদেহটির চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গেছে। মৃত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে। তাঁর পরনে ছিল গাঢ় নীল রঙের হাফ প্যান্ট ও হালকা সবুজ রঙের গেঞ্জি। মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে এবং পানির কারণে শরীরের বিভিন্ন অংশের ত্বকের রং পরিবর্তিত হয়েছে। তবে প্রাথমিকভাবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এদিকে, গত ৮ এপ্রিল আন্দামান সাগরে ভয়াবহ ট্রলারডুবির ঘটনায় বহু বাংলাদেশি ও রোহিঙ্গা এখনো নিখোঁজ রয়েছেন। ওই আন্তর্জাতিক জলসীমার ঘটনায় অন্তত ২৬৪ জন নিখোঁজ হন, যার মধ্যে শতাধিক বাংলাদেশি নাগরিক ছিলেন। দুর্ঘটনার পর আন্দামান সাগর থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করে একটি বাংলাদেশি পতাকাবাহী জাহাজ। পরে তাঁদের সেন্ট মার্টিনে কোস্ট গার্ডের জাহাজ ‘মনসুর আলী’তে হস্তান্তর করা হয়। তবে এখনও বাকি ২৫৫ জনের কোনো সন্ধান মেলেনি।
উল্লেখ্য, গত ৮ জুলাই টেকনাফের শাহপরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও রাজারছড়া সৈকত থেকে তিনজন অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরে ১০ জুলাই শাহপরীর দ্বীপ-সংলগ্ন সৈকত থেকে আরও একটি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ। সর্বশেষ আজ এই যুবকের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে গত ১২ দিনে টেকনাফের বিভিন্ন পয়েন্ট থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মরদেহের সংখ্যা দাঁড়াল ছয়টিতে।
উপকূলে একের পর এক গলিত মরদেহ ও কঙ্কাল উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী স্থানীয় জনপদে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
- বিষয় :
- কক্সবাজার
- শাহপরীর দ্বীপ
- যুবকের মরদেহ