ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৪৫ লাখ অমীমাংসিত মামলার সুষ্ঠু সমাধানে কাজ চলছে: আইনমন্ত্রী

৪৫ লাখ অমীমাংসিত মামলার সুষ্ঠু সমাধানে কাজ চলছে: আইনমন্ত্রী
×

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২১:১৫

দেশে ৪৫ লাখেরও বেশি মামলা অমীমাংসিত রয়েছে। এসব মামলার সুষ্ঠু সমাধান করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার বিকেলে মাগুরা জেলা আইনজীবী সমিতি আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী জানান, নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বর্তমান সরকার বিচার বিভাগ নিয়ে কাজ করছে। তিনি বলেন, ‘বিগত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে কোনো আইনের শাসন ছিল না। ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতার কারণে দেশে অনেক পুলিশ ও আমলারা চাকরি হারিয়েছে। দেশে আজ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের বিচার ব্যবস্থা প্রাণ ফিরে পেয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।’ 

দেশের আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করতে চায় জানিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘একজন ভালো আইনজীবী দেশের সম্পদ। এ কারণে দক্ষতা বাড়াতে দেশের ৮০ হাজার আইনজীবীকে প্রশিক্ষণ দেওয়া হবে।’ 

অনুষ্ঠানে মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ, জেলা পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ। 

সভায় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগর, অ্যাডভোকেট আহমেদ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট রোকনুজ্জামান খান ও অ্যাডভোকেট তানজিরা রহমান। পরে আইনমন্ত্রী সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের আয়োজনে মাগুরা জেলা অডিটোরিয়ামে গরিব দুস্থ অসচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। 

আরও পড়ুন

×