কাশিমপুর কারাগার থেকে পালানো সেই নারী গ্রেপ্তার
প্রতীকী ছবি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২১:২৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ২২:১২
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। পরে রোববার র্যাব তাকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, কারাগারের প্রাচীর টপকে রিম্পা পালিয়ে যান। এ ঘটনায় শুক্রবার গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করা হয়।
কারাগারের একটি সূত্র জানায়, রিম্পা পালানোর সময় কারাগারে ফ্লাডলাইট জ্বালিয়ে কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। উঁচু টাওয়ারে দায়িত্বে থাকা কারারক্ষীদের একটি অংশও তখন খেলা দেখছিলেন। এই সুযোগে তিনি কারাগারের প্রাচীর টপকে পালিয়ে যান। পরে বন্দি গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়ে।
চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন।