বগুড়ায় আলোচিত সেই তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
ফাইল ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২২:০৩ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ২২:০৫
বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তন করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় বিতর্কের মুখে পড়া ইউনিয়ন তিনটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে গণশুনানির মাধ্যমে।
নতুন নাম অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম করা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নাম জগন্নাথপুর এবং দিগন্ত ইউনিয়নের নাম রাখা হয়েছে রহবল।
আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন তিনটির নতুন নাম অনুমোদন করা হয়। পরে জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান নামগুলো ঘোষণা করেন। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, জেলা প্রশাসনের সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। প্রস্তাবটি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর নতুন নামগুলো গেজেট আকারে প্রকাশ করা হবে।
এর আগে, গত ১৪ জুন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। সেগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।
এর মধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের পৈতৃক বাড়ির নামের সঙ্গে মিলে যায়। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত নাম দুটি প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল থাকায় বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি ছড়িয়ে পড়ে।
বিষয়টি জাতীয় সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ।
তবে প্রতিমন্ত্রী মীর শাহ আলম তখন নামগুলোকে ‘কাকতালীয়’ বলে দাবি করেন। তাঁর ভাষ্য ছিল, সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক প্রয়োজন ও গণশুনানির ভিত্তিতেই নাম নির্ধারণ করা হয়েছে। সীমান্তবর্তী হওয়ায় একটি ইউনিয়নের নাম সীমান্ত এবং দূরবর্তী অবস্থানের কারণে আরেকটির নাম দিগন্ত রাখা হয়েছিল।
তাঁর দাবি, দুই সন্তানের নামে ইউনিয়নের নামকরণই যদি উদ্দেশ্য হতো, তাহলে নামের আগে ‘মীর’ যুক্ত করা হতো।
পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য স্থানীয় প্রশাসন গণশুনানির আয়োজন করে। ২৩ ও ২৫ জুন দুই দফায় মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত হয়। ওই গণশুনানির ভিত্তিতেই ইউনিয়ন তিনটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে।