ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

আর্জেন্টিনার হারে মন খারাপ, হৃদরোগে সমর্থকের মৃত্যু

আর্জেন্টিনার হারে মন খারাপ, হৃদরোগে সমর্থকের মৃত্যু
×

প্রতীকী ছবি

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৬:৩৫

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রিয় দল আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে বাড়ি ফেরেন হাফিজুর রহমান ওরফে লালটু (৩৫) নামে এক যুবক। ভোররাতে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজ সোমবার সকালে সাতক্ষীরা পৌর শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাফিজুর রহমান ওই এলাকার আনছার আলীর ছেলে।

নিহতের স্বজন জাকির হোসেন জানান, হাফিজুর আর্জেন্টিনার সমর্থক ছিলেন। দলের প্রতিটি খেলা তিনি শহরের কদমতলা এলাকায় বড় পর্দায় দেখতেন। রোববার রাতে কদমতলা এলাকায় আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল দেখতে যান তিনি। সেখানে দলের অন্য সমর্থকদের সঙ্গে খাওয়া-দাওয়াও করেন।

জাকির হোসেন বলেন, খেলায় আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মন খারাপ করে হাফিজুর বাড়ি ফিরে আসেন। সোমবার ভোরের দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরে তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।’

আরও পড়ুন

×