ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি ফয়সল

সরকার দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে: এমপি ফয়সল
×

নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের মাঝে বাইসাইকেল এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এমপি ফয়সল।

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৭:৩৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশকে একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল। তিনি বলেন, ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দেশের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

সোমবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের মাঝে বাইসাইকেল এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

ফয়সল বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবিলার পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার নেতিবাচক প্রভাব মানুষের জীবন ও জীবিকায় পড়ে। এবারের ভারী বর্ষণে কৃষি ফসল এবং সাধারণ মানুষের অনেক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক ও অসহায় পরিবারের পাশে সরকার দাঁড়িয়েছে। তাদের মাঝে বিনামূল্যে সার, বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ এবং প্রয়োজনীয় সহায়তা বিতরণ করা হচ্ছে।

তিনি আরও বলেন, গ্রাম পুলিশ এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাদের দায়িত্ব পালনের সুবিধার্থে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। একই সঙ্গে গ্রাম পুলিশের জীবনমান আরও উন্নত করার বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির নেতারা।

অনুষ্ঠান শেষে নবনিয়োগপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়।

আরও পড়ুন

×