ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ফরিদপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফরিদপুরে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
×

রহমত আলী

ফরিদপুর অফিস

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২০:৫২ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ২০:৫৮

ফরিদপুরের মধুখালীতে বেড়াতে এসে মো. রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে মধুখালী থানা পুলিশ।

মো. রহমত আলী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার খাগালিয়া গ্রামের বাসিন্দা দেওয়ান আলীর ছেলে। তিনি পল্লী সঞ্চয় ব্যাংকের নরসিংদী সদর উপজেলার একটি শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক লোকমান হোসেনের বাসায় তার পরিচিত কয়েকজন বন্ধুর সঙ্গে গতকাল রোববার ঢাকা থেকে বেড়াতে আসেন রহমত আলী। সারাদিন ঘোরাঘুরি ও রাতে খাবার খাওয়ার পর তারা বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমীন বলেন, রোববার রাত ১০টা ৬ মিনিটে রহমত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয়। এখানে আনার আগে তার মৃত্যু হওয়ায় আমাদের আর করণীয় কিছু ছিল না।

রহমত আলীকে মৃত অবস্থায় যখন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, তখন ওই কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত ছিলেন চিকিৎসক জ্যোতি প্রকাশ। জ্যোতি প্রকাশ বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগে তার মৃত্যু হয়েছে। আমরা পালস, শ্বাস-প্রশ্বাস, হার্টবিট পরীক্ষা করে মৃত ঘোষণা করি। তিনি কিছু খেয়ে অসুস্থ হয়ে ছিলেন কিনা, তা পোস্টমর্টেম প্রতিবেদন ছাড়া জানা সম্ভব নয়।’

তিনি বলেন, মরদেহ নিয়ে যারা এসেছিলেন তারা জানিয়েছেন, উনি সুস্থ-সবল ছিলেন। হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন।

আলতুখান জুট মিলস লিমিটেডের মালিক লোকমান হোসেন বলেন, ‘আটজন গতকাল রোববার বিকেলে আমাদের বাড়িতে বেড়াতে আসেন। এর মধ্যে সোহান নামে একজন আমার পরিচিত। বাকি সাতজন সোহানের বন্ধু, যাদের আমি চিনি না। রোববার রাতে রহমত আলী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।’

মো. সোহান আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে জানান, ব্যবসায়িক সূত্রে লোকমান হোসেনের সঙ্গে তার পরিচয়। সেই পরিচয়ের সূত্রে তিনি তার বন্ধুদের নিয়ে আলতুখান জুট মিলসহ মধুখালী উপজেলার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখার জন্য এসেছিলেন।

তিনি বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তারা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার পথে রয়েছেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, সুরতহাল করার সময় মৃতের মুখ থেকে কোনো গন্ধ পাওয়া যায়নি। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। এ ব্যাপারে মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

তিনি বলেন, আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×