ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চাঁদাবাজ ধরিয়ে দিলে লাখ টাকা, ছিনতাইকারী ধরলে ৫০ হাজার

মাদকবিরোধী সুধী সমাবেশ

চাঁদাবাজ ধরিয়ে দিলে লাখ টাকা, ছিনতাইকারী ধরলে ৫০ হাজার
×

মাদকবিরোধী সুধী সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২১:৪১ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ২১:৪২

গাজীপুরে মাদক কারবারি ও চাঁদাবাজদের ধরিয়ে দিতে তথ্য দিয়ে সহযোগিতা করলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে ছিনতাইকারীকে গ্রেপ্তারে সহযোগিতা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

সোমবার সকালে গাজীপুর মহানগরের বাসন থানার আয়োজনে ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। ‘মাদক সেবন বন্ধ কর, সুশীল সমাজ গড়ে তোল’ স্লোগানে আয়োজিত এ সমাবেশে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীসমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। প্রধান আলোচক ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। সম্মানিত অতিথি ছিলেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

সমাবেশে পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের কোনো ধরনের রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। অপরাধীর পরিচয় বা রাজনৈতিক অবস্থান নয়, অপরাধই হবে তার বিচারের একমাত্র ভিত্তি।

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, মাদক কারবারি বা চাঁদাবাজদের গ্রেপ্তারে তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে ১ লাখ টাকা এবং ছিনতাইকারীকে গ্রেপ্তারে সহযোগিতা করলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।

প্রধান অতিথির বক্তব্যে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে ধ্বংস করে দেয়। নতুন প্রজন্মকে রক্ষায় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

×