ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারীর মৃত্যু
×

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২২:২৯

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে মাটিচাপা পড়ে বিবি হাফছা (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উখিয়ার ৮ নম্বর ক্যাম্পের ভি-ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফছা ওই ক্যাম্পের বাসিন্দা ছমি উল্লাহর মেয়ে।

ক্যাম্প ৮-ইস্টের ইনচার্জ (উপসচিব) গাজী শরিফুল হাসান জানান, বিকেলে পাহাড়ধসের ঘটনায় ওই নারী মাটিচাপা পড়ে মারা যান। দুর্ঘটনার পর আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ হামিদ বলেন, থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি এখনও কাটেনি। নিরাপদ স্থানের অভাবে হাজারো রোহিঙ্গা পরিবার এখনো পাহাড়ের পাদদেশে বসবাস করছে। ফলে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।

এর আগে গত ৮ জুলাই টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী ও শিশুসহ ১৩ জনের মৃত্যু হয়।

২০১৭ সালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিতে উখিয়া ও টেকনাফের প্রায় আট হাজার একর বনভূমিতে ৩২টি আশ্রয়শিবির গড়ে তোলা হয়। বর্তমানে এসব ক্যাম্পে প্রায় সাড়ে ১৪ লাখ নিবন্ধিত রোহিঙ্গা বসবাস করছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, তাদের মধ্যে অন্তত এক লাখ মানুষ ভূমিধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ধসে এসব ক্যাম্পে প্রাণহানির ঘটনা ঘটছে।

আরও পড়ুন

×