পঞ্চগড়ে পদযাত্রায় আখতার হোসেন
চব্বিশের অভ্যুত্থানের পর দেশ সংবিধান থেকে বিচ্যুত হয়ে যায়
আখতার হোসেন
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৮:১৩ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ০৮:১৩
| প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, চব্বিশের অভ্যুত্থানের পর বাংলাদেশ কার্যত সংবিধান থেকে বিচ্যুত হয়ে যায়। ৫ থেকে ৮ আগস্ট কোনো সরকার ছিল না। এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে প্রশ্ন করেন, ‘এই সময়টাকে আপনি সংবিধানের কোন ধারায় ব্যাখ্যা করবেন?’
গতকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পথসভায় তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তী সরকার করার কোনো বিধান ছিল না সংবিধানে। ৫ আগস্টের পর আমরা এই সংবিধানের ঘের থেকে বেরিয়ে সংশোধনী না করে সংস্কারের মধ্য দিয়ে নতুন একটা সংবিধান করতে চেয়েছিলাম।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাঁকে বলতে চাই, গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদও অবৈধ।’
পরিবর্তন চাইলে সবাইকে দায়িত্ব নিতে হবে: হাসনাত
পিরোজপুর প্রতিনিধি জানান, এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, দেশের পরিবর্তন চাইলে সবাইকে নিজ নিজ দায়িত্ব নিতে হবে।
গতকাল পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে পদযাত্রা কর্মসূচি শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
- বিষয় :
- আখতার হোসেন