কিশোরগঞ্জে নিখোঁজ মাদ্রাসাছাত্রের মরদেহ খাল থেকে উদ্ধার
তাওহিদ হোসেন। ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৩:৫৬ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ১৪:৫৮
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি খাল থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল।
আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার সিংপুর বাজারসংলগ্ন একটি খালে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে নৌকা দিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিলেন।
সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, সোমবার বিকেল থেকে তাওহিদ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে সিংপুর বাজারের কাছে একটি খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। স্বজনরা চাইলে ময়নাতদন্ত করা হবে।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- মাদ্রাসাছাত্র
- মরদেহ উদ্ধার