মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মায়ের দাবি এটি হত্যাকাণ্ড
প্রতীকী ছবি
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৫:২১ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ১৭:৩০
বরিশালের গৌরনদীতে একটি আবাসিক মহিলা মাদ্রাসার কক্ষ থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার কাছেমাবাদ এলাকার মিফতাহুল জান্নাহ হিফজুল কুরআন মডেল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। তবে ওই ছাত্রীর মা দাবি করেছেন, তার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে।
নিহত জান্নাতুল ফেরদাউস রাজশাহীর নওগাঁ জেলার আত্রাই উপজেলার নালুয়া গ্রামের প্রবাসী মো. সান্টু মণ্ডলের মেয়ে। বাবার প্রবাসে থাকার কারণে ছোটবেলা থেকেই সে মায়ের সঙ্গে গৌরনদী উপজেলার কাছেমাবাদ গ্রামে নানার বাড়িতে থাকত। সে ওই মাদ্রাসার নাজেরা বিভাগের আবাসিক ছাত্রী ছিল।
মাদ্রাসার কয়েকজন ছাত্রী জানায়, সোমবার সন্ধ্যার পর দীর্ঘ সময় একটি কক্ষের দরজা বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে তারা জান্নাতুলকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ও দায়িত্বরত শিক্ষিকারা এসে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন। নিচে নামানোর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতের মা সুরভনা বেগম বলেন, তার মেয়ে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে। মেয়ের বুকে নখের আঁচড় ছিল এবং গোপনাঙ্গ ফুলে ছিল। এ ঘটনায় তিনি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. আবু ইউসুফ খন্দকার ও তার স্ত্রীকে দায়ী করেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
- বিষয় :
- ঝুলন্ত মরদেহ উদ্ধার
- বরিশাল