ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

পাটগ্রাম সীমান্তে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায়

পাটগ্রাম সীমান্তে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, পিছু হটল বিজিবির বাধায়
×

ফাইল ছবি

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২১:৪৯

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সীমান্তে দুই দফা সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের বাধার মুখে বিএসএফ সদস্য ও তাদের সঙ্গে থাকা শ্রমিকরা কাজ বন্ধ করে সরে যান।

গত সোমবার ও মঙ্গলবার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ী গ্রামের সীমান্তের ওপারে ভারতের কুচবিহার জেলার সদর হাড়িকামাত (পানিশালা) গ্রাম সীমান্তে আগে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ। এতে বাধা দেয় বিজিবি। ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক (এডি) কারিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গত সোমবার দুপুরে শূন্য রেখা থেকে প্রায় ১০০ মিটার দূরে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্য ও তাদের সঙ্গে থাকা শ্রমিকরা সিমেন্টের খুঁটি স্থাপন করতে থাকে। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পারে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দল। এ সময় বিজিবি কাজে বাধা দিলে বিএসএফ সদস্যরা নির্মাণ সামগ্রী ও শ্রমিকদের নিয়ে চলে যান। দ্বিতীয় দফায় মঙ্গলবার শূন্য রেখা থেকে ৫০ মিটার দূরে ভারতের অভ্যন্তরে খুঁটি স্থাপন করতে থাকলে বিজিবি বাধা দেয়। বিএসএফ বাধা উপেক্ষা করে খুঁটি স্থাপনের চেষ্টা চালালে পঁয়ষট্টিবাড়ী ক্যাম্পের টহল দলের তীব্র প্রতিবাদে কাজ বন্ধ করে। পরে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিমেন্টের খুঁটি স্থাপন করা যাবে না বলে জানায় বিজিবি। 

আরও পড়ুন

×