নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
পুলিশ আটক করে আদালতের মাধ্যমে রবিউলকে কারাগারে পাঠায়। ছবি: সমকাল
নড়াইল সংবাদদাতা
প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ১২:৩৬
নড়াইলে পাঁচ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি রবিউল সিকদার রবির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার সকালে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আদালতের আদেশের পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রবিউল সিকদার রবিকে জিজ্ঞাসাবাদের জন্য নড়াইল সদর থানায় নেওয়া হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আইনি কার্যক্রম চলমান রয়েছে।
গত সোমবার নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার সকালে সদর উপজেলার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত রবিউল সিকদার রবিকে আটক করে স্থানীয় লোকজন। পরে তাকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
- বিষয় :
- শিশু ধর্ষণ ও হত্যা
- রিমান্ড মঞ্জুর