বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তা মেরামত করল ছাত্রছাত্রীরা
মাগুরার শালিখায় গতকাল বুধবার রাস্তা মেরামত করছে শিক্ষার্থীরা সমকাল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
গত কয়েক দিনের টানা বর্ষণে বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তা কর্দমাক্ত ও পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়ে মাগুরার শালিখা উপজেলার আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইউএনওর কাছে রাস্তাটি সংস্কারের আবেদন করে ফল না পেয়ে শিক্ষকদের সহায়তায় গতকাল বুধবার রাস্তা সংস্কারের কাজে লেগে যায় কোমলমতি ছাত্রছাত্রীরা। নিজেরাই ইটের খোয়া বিছিয়ে রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলে।
আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শালিখা উপজেলা সদর আড়পাড়া থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে অবস্থিত। বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তাটিতে অনেক বছর আগে ইটের সলিং দেওয়া হলেও দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। গরুর গাড়ি, ট্রাক্টরসহ বিভিন্ন যান চলাচল করায় রাস্তাটি ভেঙে ও গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। গত কয়েক দিনের টানা বর্ষণে রাস্তাটি পিচ্ছল ও কর্দমাক্ত হয়ে পড়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতি কমে যেতে থাকে। ছাত্রছাত্রীদের দুর্ভোগের বিষয়টি লক্ষ্য করে প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে রাস্তাটি সংস্কারের জন্য আবেদন করেন। কিন্তু তা সত্ত্বেও বিষয়টির প্রতিকার না হওয়ায় স্থানীয়দের সহায়তায় ইটের খোয়া কেনে বিদ্যালয় কর্তৃপক্ষ। এ কাজে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি শুভেন্দু বিশ্বাস সহায়তা করেন। পরে শিক্ষকদের সহায়তায় ছাত্রছাত্রীরা ইটের খোয়া ফেলে রাস্তাটি সাময়িকভাবে চলাচলের উপযোগী করে তোলে।
বিদ্যালয়ের শিক্ষার্থী রাতুল মোল্যাসহ অনেকেই জানায়, রাস্তাটি ভাঙা থাকায় সামান্য বৃষ্টি হলেই তারা স্কুলে আসতে পারত না। অনেকেই পা পিছলে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। জামা-কাপড়ে কাদা লাগায় ক্লাস না করেই বাড়িতে ফিরে যেতে হয়েছে। এ কারণে শিক্ষকদের সহায়তায় তারা রাস্তাটির মেরামত কাজ করেছে।
প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে রাস্তাটি ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এতে শিক্ষক ও ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসতে অসুবিধা হচ্ছিল। ইউএনও স্যারের কাছে আবেদন করেছিলাম। তিনি বিদ্যালয় পরিদর্শনও করেছেন। কিন্তু সমস্যার প্রতিকার মেলেনি। ফলে বাধ্য হয়ে শিক্ষক ও স্থানীয়দের সহায়তায় রাস্তাটি মেরামত করা হয়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হাসান চৌধুরী জানান, বিদ্যলয়ের রাস্তাটি জেলা পরিষদের হওয়ায় এলজিইডির প্রকল্পে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা পরিষদের পক্ষ থেকে রাস্তাটি মেরামতে উদ্যোগ নেবেন তিনি।
- বিষয় :
- রাস্তা