ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ইবিতে ছাত্রশিবিরের গণমিছিলে বাইরের নেতাকর্মী, ক্ষোভ

ইবিতে ছাত্রশিবিরের গণমিছিলে বাইরের নেতাকর্মী, ক্ষোভ
×

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:০১

| প্রিন্ট সংস্করণ

কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের গণমিছিলে বহিরাগত নেতাকর্মীর অংশগ্রহণ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুরে জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এই মিছিলের কর্মসূচি ছিল। এতে বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের পাশাপাশি আশপাশের এলাকার নেতাকর্মীরাও অংশ নেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ইবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে গতকাল বুধবার দুপুরে অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

কর্মসূচিতে অংশ নেওয়া ছয় শতাধিক নেতাকর্মীর মধ্যে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ছিলেন বহিরাগত। যারা কুষ্টিয়া ও ঝিনাইদহ থেকে এসেছেন বলে জানা গেছে। তাদের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন। কুষ্টিয়ার পোড়াদহ, ভাদালিয়া, শেখপাড়া ও ক্যাম্পাস-সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে এসেছেন। জুলাই আন্দোলনেও তারা অংশ নিয়েছিলেন। ছাত্রশিবিরের নেতাকর্মীদের আহ্বানে তারা মিছিলে এসেছেন।

এদিকে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে কর্মসূচি পালন নিয়ে শিক্ষার্থীদের মাধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। তারা বলছেন, নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করেছে। অথচ ছাত্র সংগঠনগুলো অহরহ ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে কর্মসূচি পালন করছে। এটি প্রশাসনের নীতির সঙ্গে সাংঘর্ষিক। এসব ঘটনায় তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ‘জুলাই আন্দোলনের অংশীজনদের নিয়ে আমাদের আজকের মিছিল ছিল। অনলাইনে কর্মসূচির প্রচারণা দেখে বাইরে থেকে কিছু নেতাকর্মী এসেছেন। তাদের সংখ্যা বেশি নয়। তবে আমরা কাউকে আসার জন্য আহ্বান করিনি।’

আরও পড়ুন

×