চাঁপাইনবাবগঞ্জ
টিসিবির গোডাউনে আগুন, নেভাতে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:২১
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে উপজেলার হাটবাকইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন আলী ওই গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এমদাদুল হক জানান, হাটবাকইল এলাকার একটি দ্বিতল ভবনের নিচতলায় টিসিবির ডিলারের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উদ্ধার অভিযান চালিয়ে গোডাউনের ভেতর থেকে নয়ন আলীর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে প্রায় দেড় লাখ টাকার টিসিবির পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রায় ১০ লাখ টাকার পণ্য উদ্ধার করা হয়েছে।
নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ বলেন, আগুন নেভাতে গিয়ে নয়ন আলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- চাঁপাইনবাবগঞ্জ
- টিসিবি
- গোডাউন
- আগুন
- নিহত
- ফায়ার সার্ভিস