১৭ শহীদকে নিয়ে ফেস্টুন প্রদর্শনী
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:৫৪
| প্রিন্ট সংস্করণ
জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তাদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসজুড়ে জুলাই শহীদদের সংক্ষিপ্ত জীবনীবিষয়ক ফেস্টুন প্রদর্শন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা।
এ উদ্যোগে জুলাই আন্দোলনে রংপুর অঞ্চলের ১৭ শহীদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন– আবু সাঈদ, সাংবাদিক তাহির জামিল, আব্দুল্লাহ আল তাহির, মেরাজুল ইসলাম, মোসলেম উদ্দিন, হাফেজ নাসির ইসলাম, সাজ্জাদ হোসেন, সোহাগ, মঞ্জু মিয়া, মামুন, বদিউজ্জামান, আব্দুল লতিফ, মানিক মিয়া, লাবলু মিয়া, জাহিদুল ইসলাম, হাফেজ রেদওয়ান আলী ও তৌফিক ইসলাম ভূঁইয়া।
ইংরেজি বিভাগের শিক্ষার্থী বাইজিদ বোস্তামী বলেন, এ আয়োজন শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে জুলাইর ইতিহাস স্মরণ করিয়ে দেওয়ার একটি উদ্যোগ। তাঁর মতে, এ ধরনের আয়োজন ইতিহাস চর্চা, দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও আত্মত্যাগের মূল্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, কার্যক্রমটি যদি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলকভাবে পরিচালিত হয়, তবে এটি শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার ইতিবাচক প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে।
ছাত্রশিবির বেরোবি শাখার সভাপতি আব্দুর রাকিব বলেন, শহীদরা জাতির অমূল্য সম্পদ। তাদের স্বপ্ন ও আত্মত্যাগের চেতনা ধারণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সবার নৈতিক দায়িত্ব। তিনি জানান, জুলাই আন্দোলনে রংপুরে নিহতদের স্মরণে তাদের পরিচিতি ক্যাম্পাসে প্রদর্শনের মাধ্যমে শহীদদের অবদান স্মরণে রাখার চেষ্টা করা হয়।
- বিষয় :
- শহীদ দিবস