ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন, ক্যান্টিনকর্মীকে আটক

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন, ক্যান্টিনকর্মীকে আটক
×

ফাইল ছবি

খুবি সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১১:২১

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রাখার অভিযোগে হলের ক্যান্টিনে কর্মরত এক ব্যক্তিকে আটক করেছেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতের এ ঘটনায় হলজুড়ে চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ওয়াশরুমে একটি সন্দেহজনক মোবাইল ফোন দেখতে পেয়ে তারা বিষয়টি খতিয়ে দেখেন। পরে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে হলের ক্যান্টিনে কর্মরত ইমাম হাসান নামে এক ব্যক্তিকে আটক করেন তারা। 

শিক্ষার্থীদের ভাষ্য, তিনি প্রায় দুই বছর ধরে বিজয় ’২৪ হলের ক্যান্টিনে কর্মরত রয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, এ খবর ছড়িয়ে পড়লে হলের বিভিন্ন ব্লকের শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। পরে অভিযুক্তকে হলের ভেতরে আটকে রাখা হয় এবং বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়। ঘটনার পর থেকে আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, নারী আবাসিক হলের মতো একটি সংরক্ষিত স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা আরও দাবি করেন, নারী আবাসিক হলে বহিরাগত ও বিভিন্ন সেবাদানকারী কর্মীদের প্রবেশে কার্যকর নজরদারি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, সিসিটিভি পর্যবেক্ষণ বৃদ্ধি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

এ বিষয়ে জানতে চাইলে বিজয় ’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সেলিনা আহমেদ বলেন, এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেছেন, বিজয় ’২৪ হলের ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। নারী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে হল প্রশাসনকে এ বিষয়ে আরও কঠোর হওয়ার প্রয়োজন রয়েছে। 

তিনি বলেন, আশ্চর্যজনক বিষয় হলো, একজন বহিরাগত কীভাবে মেয়েদের হলের বাথরুমে প্রবেশ করতে পারল। বিষয়টি গভীরভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক (ডিএসএ) দপ্তর ও হল প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত সম্পন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন

×