সিলেট আদালত চত্বরে আবার হামলার শিকার ফাহিমা হত্যা মামলার আসামি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৮:৪৪
সিলেট আদালত চত্বরে আসামির ওপর হামলার ঘটনা থামছে না। বার বার হামলার শিকার হচ্ছেন আসামিরা। আজ বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো হামলার শিকার হয়েছেন সিলেটের আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলার প্রধান আসামি জাকির হোসেন। কারাগার থেকে তাকে সকালে পুলিশ ভ্যান থেকে নামিয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় কয়েকজন যুবক তার ওপর হামলা করে। ওই সময় পুলিশ হামলাকারীদের আটকানোর চেষ্টা করে ও এক পর্যায়ে লাঠিচার্জ করে।
এর আগে, গত ২৩ জুন একই জাকিরের ওপর হামলার ঘটনা ঘটে। এছাড়া গত দুই বছরে সাবেক বিচারপতি মানিকসহ একাধিক আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন হত্যা মামলার আসামির ওপর হামলা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাকির হোসেনকে সকালে প্রিজন ভ্যানে করে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হেলমেট পরিয়ে আদালতে আনা হয়। সেখানে অবস্থান করছিলেন নিহত ফাহিমার স্বজন ও এলাকার লোকজন। প্রিজন ভ্যান থেকে নামিয়ে তাকে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়ে যাওয়ার সময় ভবনের নিচে হামলা করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানিয়েছেন, পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার মধ্যেই আদালতে আসামিকে হাজির করা হয়। ওই সময় কয়েকজন লোক তাকে মারধরের চেষ্টা করে। কারা হামলার সঙ্গে জড়িত তাদের বিষয়ে তদন্ত হচ্ছে।
সিলেট সদরের সোনাতলার রাইসুল হকের চার বছর বয়সি মেয়ে ফাহিমা গত ৬ মে নিখোঁজ হওয়ার দুই দিন পর তার মরদেহ গ্রামের একটি ডোবার পাশ থেকে উদ্ধার করা হয়। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে একই এলাকার বাসিন্দা ও ফাহিমার সম্পর্কীয় চাচা জাকিরকে ১১ মে গ্রেপ্তার করে পুলিশ। ক্ষুব্ধ এলাকাবাসী জাকিরের বাড়িতে দুই দফা হামলা ও ভাঙচুর করে। আদালতে হত্যার দায়ও স্বীকার করেন জাকির। ঘটনার এক মাস পাঁচ দিনের মাথায় পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। এতে জাকিরের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা ও হত্যার অভিযোগ আনা হয়। চার্জশিটে জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে লাশ গুমে সহযোগিতার অভিযোগ করা হয়।
- বিষয় :
- সিলেট