রাজশাহীতে রেললাইন অবরোধে ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি: রেলওয়ে
ছবি: সমকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ২০:২৮
রাজশাহীতে গত মঙ্গলবারের ৯ ঘণ্টা অবরোধে ১০টি আন্তঃনগরসহ ১৯টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং দুটি আন্তঃনগরসহ ৬টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশন ও ট্রেনে অবস্থান করা ২০ হাজার যাত্রী ভোগান্তির শিকার হন এবং সরকারের ৩৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার পশ্চিমাঞ্চল রেলওয়ের জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের সঙ্গে রেলওয়ের একজন কর্মচারীর একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটে। এর জেরে বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্রছাত্রী রেলপথ অবরোধ করেন। এতে রাজশাহী থেকে বিভিন্ন রুটে গমনকারী ও বিভিন্ন রুট থেকে রাজশাহী অভিমুখী ট্রেন চলাচল বাধাপ্রাপ্ত হয়। প্রায় ৯ ঘণ্টার অবরোধে মুমূর্ষু ও অসুস্থ যাত্রী, বিদেশগামী যাত্রী, মহিলা ও শিশু যাত্রীরা অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আর্থিক ক্ষতি ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি উল্লেখ করে বলা হয়, অবরোধের কারণে রেলওয়ের বিভিন্ন গন্তব্যের ১০টি আন্তঃনগর ট্রেন এবং ৯টি কমিউটার ট্রেন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৮ ঘণ্টা ১০ মিনিট বিলম্বিত হয়। এছাড়া দুটি আন্তঃনগর ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে বিভিন্ন স্টেশনে ও ট্রেনে প্রায় ২০ হাজার যাত্রী দুর্ভোগের সম্মুখীন হন। যাত্রা বাতিল ও সূচি বিপর্যয়ে রেলওয়ের আনুমানিক ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
চলাচলকারী যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ রেলওয়ে একটি ঐতিহ্যবাহী সরকারি সেবাধর্মী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন সীমাবদ্ধতার মাঝেও সুনামের সঙ্গে সেবা প্রদান করে আসছে। গত ২১ জুলাই (২০ জুলাই দিবাগত রাতে) বর্ণিত সম্মানিত যাত্রীসাধারণের এই অনাকাঙ্খিত ভোগান্তির জন্য বাংলাদেশ রেলওয়ে আন্তরিকভাবে দুঃখিত।
গত সোমবার দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীগামী ট্রেনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীকে ফুরকার আলীকে মারধরের অভিযোগ ওঠে ট্রেনে কর্তব্যরত টিকেট চেকার (টিটিই) সুমন আলীর বিরুদ্ধে। এই ঘটনায় পরদিন মঙ্গলবার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেললাইন অবরোধ করে আন্দোলন শুরু করেন একদল শিক্ষার্থী।
পরে বেলা সাড়ে ১১টার দিকে রেলওয়ে কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সভায় বসেন বিভাগীয় কমিশনআর আ ন ম বজলুর রশীদ। টানা ৩ ঘণ্টার সভা শেষে শিক্ষার্থীদের দেওয়া ৪ দফা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বিভাগীয় কমিশনার। পরে বেলা ৩টা ২০ মিনিটে আন্দোলন প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।
- বিষয় :
- রাজশাহী
- রেলপথ অবরোধ
- বাংলাদেশ রেলওয়ে