ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নির্মাণের কয়েক দিনেই ধসে পড়েছে নালা

নির্মাণের কয়েক দিনেই ধসে পড়েছে নালা
×

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুরে ধসে পড়া নালা। ছবিটি মঙ্গলবারের সমকাল

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৯:৩৭

| প্রিন্ট সংস্করণ

রাজবাড়ীতে তিন গ্রামের জলাবদ্ধতা নিরসনে নির্মিত নালা কয়েক দিনের মধ্যে ধসে পড়েছে। এতে বিপাকে পড়েছেন গ্রামের বাসিন্দারা। সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে ঘটেছে এই ঘটনা। গ্রামবাসী বলছেন, জুনের শেষ দিকে ১০ লাখ টাকা খরচে ১৮৫ ফুট দীর্ঘ নালা নির্মাণের কাজ শেষ হয়। চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে সেটির একাংশ ধসে বন্ধ হয়ে গেছে। যদিও ইউপি চেয়ারম্যানের দাবি, গত মে মাসে নালার কাজ শেষ হয়েছে। 

গত মঙ্গলবার রামকান্তপুর গিয়ে জানা যায়, ইউনিয়নের কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের মানুষের জীবন-জীবিকার প্রধান উৎস কৃষিকাজ। প্রতি বর্ষায় জলাবদ্ধতার শিকার হয় শত শত একর জমি। এই জলাবদ্ধতা নিরসনে তিন গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে নালা নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। এর পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ২০২৫-২০২৬ অর্থবছরের বিবিজি (ইইএ) বিশেষ কিস্তির আওতায় প্রায় ১০ লাখ টাকা খরচে ১৮৫ ফুট দীর্ঘ নালাটি নির্মাণ করা হয়। কয়েকদিনের মাথায় দুদিক থেকে নালাটি ধসে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, কাউরিয়া গ্রামের ফসলি জমির পাশ দিয়ে শুরু হয়ে নালাটি শেষ হয়েছে কাউরিয়া বিলে। এই নালা দিয়ে কাউরিয়া, বসুপাড়া ও ধেরওয়িল গ্রামের কৃষকের জমির বাড়তি পানি বিলে পড়ত। দেখা যায়, নালাটির বেশ কয়েক জায়গা ধসে পড়েছে। কোথাও দুই পাশের অংশ হেলে পড়েছে। আবার কোথাও বড় ধরনের ফাটল। নালা মুখ বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির পানি বের হতে পারছে না। ফলে বিল ও ফসলি জমিতে আবারও পানি জমেছে। 

স্থানীয় লোকজনের অভিযোগ, নালা নির্মাণকাজে নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহার করা হয়েছে। প্রয়োজনীয় রড ও পিলার ছাড়াই দায়সারাভাবে কাজ করা হয়। এ কারণে সামান্য বর্ষণের পানির চাপেই নালাটি ভেঙে পড়ে।
কৃষক হাফিজুল ইসলাম ও আলী হোসেনের ভাষ্য, নালাটির নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মধ্যে সেটি ধসে পড়ে। এখন বৃষ্টির পানি মাঠে জমে থাকায় তারা চাষাবাদ করতে পারছেন না। এতে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী পুরো কাজ হয়েছে। চেয়ারম্যানের নিজস্ব ইটভাটা থেকে নিম্নমানের ইট এনে নালার কাজে ব্যবহার করা হয়।
তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন রামকান্তপুর ইউপি চেয়ারম্যান রাজিব মোল্লা। তিনি বলেন, কাজ করলে একটু ভাঙতেই পারে। তবে, কাজে তাঁর আন্তরিকতার ঘাটতি ছিল না। যত দ্রুত সম্ভব নালাটি পুনর্নির্মাণের আশ্বাস দেন। এই নালার কাজ কবে শেষ হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট করে বলে কঠিন। তবে আনুমানিক দুই মাস আগে শেষ হয়েছে।’ 
রাজবাড়ী সদরের ইউএনও নিরুপমা রায় জানান, বিষয়টি জানার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্মাণকাজে ত্রুটি থাকায় এটি ধসে পড়ার যে অভিযোগ উঠেছে, এর সত্যতা পাওয়া গেছে। যারা কাজ করেছেন তারা এটি পুনর্নির্মাণ করে দেবেন। কার্যাদেশে এমন শর্তই দেওয়া আছে। যেহেতু এখন বর্ষা মৌসুম, এখন কাজ করা কঠিন।

আরও পড়ুন

×