হাঁসকে কামড়ানোয় দড়ি দিয়ে বেঁধে কুকুরকে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি: ভিডিও থেকে নেওয়া
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ১৯:০০
পটুয়াখালীতে হাঁসকে কামড়ানোর অভিযোগে দুটি কুকুর দড়ি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা বাজারসংলগ্ন খেজুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকার সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও সাদা টি-শার্ট পরা এক ব্যক্তি এবং লুঙ্গি পরা আরেক ব্যক্তি দুটি কুকুরকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। তখন তাদের দুজনকেই লাঠি হাতে দেখা যায়। সাদা টি-শার্ট পরিহিত ব্যক্তি প্রথমে একটি লাল রঙের কুকুরকে এবং পরে কালো-সাদা রঙের আরেকটি কুকুরকেও নির্মমভাবে পেটাতে থাকেন। কুকুর দুটি যন্ত্রণায় চিৎকার করতে করতে একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে এবং মারা যায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই কুকুর দুটির মালিক স্থানীয় চায়ের দোকানি জাহাঙ্গীর হোসেন প্যাদা। কিছুদিন আগে একই এলাকার আবদুর রসিদ হাওলাদারের ছেলে মনজু হাওলাদারের ছয়টি হাঁসকে কিছু কুকুর আক্রমণ করে। পরে মনজু হাওলাদার জাহাঙ্গীর প্যাদার কুকুরের বিরুদ্ধে অভিযোগ তুলে তিন হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন। কুকুরের মালিক জাহাঙ্গীর প্যাদা টাকা দিতে অস্বীকৃতি জানান। পরে কুকুর দুটি ধরে দড়িতে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়।
জাহাঙ্গীর প্যাদা বলেন, প্রায় চার বছর ধরে তিনি কুকুর দুটি লালনপালন ও দেখাশোনা করে আসছেন। নিয়মিত তাদের ভ্যাকসিনও দেওয়া হতো। মনজু হাওলাদার (৩৫) ও তার চাচাতো ভাই জহির হাওলাদার (৩৭) তার সামনেই কুকুর দুটিকে পিটিয়ে হত্যা করেন। যেদিন মনজু হাওলাদারের হাঁসের ওপর আক্রমণের ঘটনা ঘটে, সেদিন কুকুর দুটি বাড়িতেই ছিল। বিষয়টি মনজু হাওলাদারকে জানানো হলেও তিনি তা আমলে নেননি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকারী মো. সাইদুল ইসলাম বলেছেন, আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামের খেজুরতলা এলাকায় প্রকাশ্যে দুটি কুকুরকে লাঠিপেটা করে হত্যা করা হয়েছে। ঘটনাটি আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। তাই ভিডিওটি সংযুক্ত করে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত এবং প্রাণী কল্যাণ আইন, ২০১৯ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ভিডিওসহ অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশের প্রাণী কল্যাণ আইন-২০১৯ এ বলা হয়েছে, প্রাণীকে অপ্রয়োজনীয় কষ্ট দেওয়া, নির্যাতন করা বা নিষ্ঠুরভাবে হত্যা করা দণ্ডনীয় অপরাধ। আইনের ৬ ধারায় প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ নিষিদ্ধ করা হয়েছে। একই আইনের ১৫ ধারা অনুযায়ী এ ধরনের অপরাধে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ পুনরায় করলে শাস্তির পরিমাণ আরও বাড়তে পারে বলে উল্লেখ রয়েছে।
- বিষয় :
- পটুয়াখালী
- পিটিয়ে হত্যার অভিযোগ