ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ পানিসম্পদমন্ত্রীর

নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ পানিসম্পদমন্ত্রীর
×

ছবি: সমকাল

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৩:২৬

লক্ষ্মীপুর পৌরসভায় নাগরিক সেবার মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এমপি। গতকাল শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি পৌর এলাকায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় অসন্তোষও প্রকাশ করেন।

পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে উদাসীনতার অভিযোগ তুলে পানিসম্পদমন্ত্রী বলেন, সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয় সংরক্ষণ, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের মতো প্রয়োজনীয় কাজ হচ্ছে না। এসবের কোনো দৃশ্যমান অগ্রগতি তাঁর চোখে পড়েনি।

মন্ত্রী আরও বলেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। একসময় এটি বাস্তবায়ন অসম্ভব মনে হলেও এখন সেই অসম্ভবকে সম্ভব করা হয়েছে। অচিরেই এ স্বপ্ন বাস্তবে রূপ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এ সময় জানান, লক্ষ্মীপুরে একটি নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের অনুমোদন হয়েছে। জেলাবাসী একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ও পেতে যাচ্ছে। সরকারের উন্নয়ন কাজ বাস্তবায়নে যারা দুর্নীতির সঙ্গে জড়াবে, তাদের কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট আইনজীবী সৈয়দ শামসুল আলম, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ, টুমচর মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জেড এম ফারুকী প্রমুখ।

চন্দ্রগঞ্জের কার্যক্রম শুরু

জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পানিসম্পদমন্ত্রী। গতকাল বিকেলে চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয়সংলগ্ন ভবনে স্থাপিত উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধনে তিনি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, চন্দ্রগঞ্জকে উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। নতুন উপজেলা চালুর ফলে সাধারণ মানুষকে সরকারি সেবা গ্রহণের জন্য দূরবর্তী স্থানে যেতে হবে না।

আরও পড়ুন

×