এমপি নজরুলের কুশপুতুল দাহ পদত্যাগের আলটিমেটাম
সাতক্ষীরার শ্যামনগরে গতকাল শুক্রবার এমপির কুশপুতুল পোড়ান বিক্ষোভকারীরা সমকাল
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
অনৈতিক ভিডিওকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে গতকাল শুক্রবার দিনব্যাপী উপজেলার মুন্সিগঞ্জ ও বংশীপুরে এসব কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ স্থানীয়রা।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে বিতর্কিত এমপিকে জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবি জানান। তারা অভিযোগ করেন, চাকরির প্রলোভনে ফেলে এক কিশোরী ও অন্য এক তরুণীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্কের একাধিক ভিডিও ফুটেজ সম্প্রতি প্রকাশ পেয়েছে। তাঁর মতো একজন চরিত্রহীন ব্যক্তি জাতীয় সংসদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন। শ্যামনগরবাসীকে এমন অপবাদের দায় থেকে মুক্তি দিতে দ্রুত তাঁকে পদ থেকে বহিষ্কারের আহ্বান জানান আন্দোলনকারীরা।
গতকাল শুক্রবার সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের কয়েকশত মানুষ মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেন। সাবেক সেনা সদস্য রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুবদল নেতা হেলাল, ব্যবসায়ী আবু সিদ্দিক ও শিক্ষক পরিমল।
অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৫টায় বংশীপুর পোনার আড়ত চত্বরে পল্লি চিকিৎসক জিল্লুর রহমানের সভাপতিত্বে অন্য একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী আমিরুল ইসলাম, মনজুর হোসেন, বাপ্পী মন্ডল, দেবদাস মন্ডল ও তৌহিদ হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা এমপি গাজী নজরুল ইসলামের কুশপুতুল দাহ করে এবং তাঁর ছবিতে জুতা প্রদর্শন করে প্রতিবাদ জানায়। আন্দোলনকারীরা সংসদ সদস্যকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করে শ্যামনগরে প্রবেশ করলে তাঁকে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
- বিষয় :
- কুশপুত্তলিকা দাহ