নওগাঁ-৬ উপনির্বাচন: আ'লীগের মনোনয়ন বাতিল দাবিতে মানববন্ধন
অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের পক্ষে মঙ্গলবার আত্রাই-রানীনগরের শান্তিকামী জনগণের ব্যানারে মঙ্গলবার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে- সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০ | ০৯:২২
নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। মনোনয়নপ্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক সুমনের পক্ষে আত্রাই-রানীনগরের শান্তিকামী জনগণের ব্যানারে মঙ্গলবার আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দেন মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মতিউর রহমান মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু উজ্জ্বল, কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর হোসেন প্রমুখ। এ সময় দলীয় মনোনয়ন পাওয়া আনোয়ার হোসেন হেলালকে উদ্দেশ করে বক্তারা বলেন, তিনি কোনোদিনই দলে সক্রিয় ছিলেন না; বরং আওয়ামী লীগের বিরোধিতা করে এসেছেন।
গত উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ জন্য দল থেকে বহিস্কারও হয়েছিলেন। ওমর ফারুক সুমন বলেন, এ আসনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রকৃত আওয়ামী লীগ ও তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া প্রয়োজন। তিনি দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান।
এমপি ইসরাফিল আলমের মৃত্যুর পর নওগাঁ-৬ আসনটি শূন্য হয়। আগামী ১৭ অক্টোবর উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন করেন ৩৪ জন। তাদের মধ্যে সোমবার রানীনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালকে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
- বিষয় :
- উপনির্বাচন
- মনোনয়ন বাতিল
- মানববন্ধন
- নওগাঁ-৬
