সৌদিতে একই পরিবারের ৩ জনের মৃত্যু, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি- সংগৃহীত
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১১:৪৩
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার একই পরিবারের তিনজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই অপূরণীয় শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
শোকবার্তায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে সৌদি আরবের রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হওয়ার পর রিয়াদ থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় তানিয়া তাহমিনা রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন এবং বড় ছেলে নাবিল গুরুতর আহত হয়েছেন। তারা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের স্বজনরা জানান, পাঁচ সদস্যের পরিবারটি একটি প্রাইভেটকারে করে রিয়াদ থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে তাদের বহনকারী গাড়ির পেছনে একটি ভারী যানবাহন সজোরে ধাক্কা দিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
- বিষয় :
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- শোক