জান্নাতের মিথ্যা প্রলোভনেও মানুষের মন গলাতে পারেনি জামায়াত: বিদ্যুৎমন্ত্রী
সেমিনারের উদ্ভোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৯:১৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৯:১৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রাক্কালে জামায়াত জান্নাতের মিথ্যা প্রলোভন দিয়েও মানুষের মন গলাতে পারেনি। দিন শেষে দেশের জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে।
শনিবার বগুড়ায় ‘উত্তরাঞ্চলের পাঁচটি জেলার উন্নয়ন প্রেক্ষিত: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা সেমিনারটি আয়োজন করে।
এ সময় সেমিনারে উপস্থিত গাইবান্ধা জেলার জামায়াতের কয়েকজন সংসদ সদস্য বক্তব্যের এ অংশের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় এক সংসদ সদস্যকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‘এমন কথা অনেকবার শুনেছি, আর নতুন করে শুনতে চাই না।’
বিদ্যুৎমন্ত্রী বলেন, ইতিহাসকে বিকৃত করার একমাত্র দল হলো কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ। তারা সব সময় নিজেদের সুবিধামতো ইতিহাস তৈরি করত। সব সত্য ইতিহাস ভুলে গিয়ে বিগত একনায়কতান্ত্রিক হাসিনা সরকার উত্তরাঞ্চলকে সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত করে রেখেছিল। আওয়ামী লীগের রেখে যাওয়া সেই ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শহরের ‘হোটেল মম ইন’ কনভেনশন সেন্টারে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলাকে নিয়ে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল মূলত সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে। কিন্তু মুক্তিযুদ্ধের পর ক্ষমতায় এসেই আওয়ামী লীগ দেশ চাটুকারিতা দিয়ে চেটেপুটে খেয়ে আরও বড় বৈষম্য তৈরি করেছিল।
দেশে চলমান বিদ্যুৎ ঘাটতি স্থায়ীভাবে দূর করতে আগামী ৫ বছরে অন্তত ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে উৎপাদন করা হচ্ছে বলেও জানান তিনি। সেই সাথে পুরো দেশজুড়ে দ্রুত সোলার প্যানেল ছড়িয়ে দেওয়ার সমন্বিত কাজ শুরু হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনা দূর করতে বর্তমান সরকার সুষম উন্নয়ন নিশ্চিত করতে চায়।
অন্যদিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্তমানে দেশে কোনো দুর্নীতি নেই, কোনো অর্থপাচার নেই; দেশজুড়ে উন্নয়ন কেন হচ্ছে—এটাই এখন কিছু স্বার্থান্বেষী মানুষের কাছে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে।
বগুড়ার প্রবীণ বুদ্ধিজীবী ডা. সিএম ইদরিসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সেমিনারে আরও বক্তব্য রাখেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম কোনটা/বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের জামায়াতের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের জামায়াতের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, বগুড়া-জয়পুরহাটের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়ার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল হক তৈয়ব জাকির, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম প্রমুখ।
অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ফজলে রাব্বী ডলার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. বেলাল হোসাইন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বগুড়া ইতিহাস চর্চা গবেষণা কল্যাণ সংস্থার উক্ত সেমিনারের আহ্বায়ক রোটারিয়ান ডা. মতিউর রহমান।