ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী

একবারে চোখ তুইল্লালবাম—খেলাফতের এমপিকে বিএনপিকর্মী
×

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ ও তারাকান্দা উপজেলার বিএনপির কর্মী সোহরাব হোসেন

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৯:৪৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১৯:৪৬

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য (এমপি) মুহাম্মদুল্লাহর চোখ উপড়ে ফেলার হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপিকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ইতিমধ্যে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

হুমকির ভিডিওটি গত বৃহস্পতিবার রাত থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

ভিডিওতে তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নের আটাদার গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন নামের এক ব্যক্তিকে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে এবং জীবননাশের হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তিনি স্থানীয় বিএনপি নেতা মোতাহার হোসেন তালুকদারের নামও উচ্চারণ করেন।

ভাইরাল হওয়া ভিডিওতে সোহরাব হোসেনকে বলতে শোনা যায়, ‘আন্দোলন করো এমপি সাব? ওই যে ওয়াহাবি এমপি সাব, রাজাকারের বাচ্চা... মোতাহার তালুকদারের লোকে পিটাইলে তুই এলাকায় থাকতারবি? এলাকায় আন্দোলন করো? রাস্তায় না, আন্দোলন... দেওয়াম।’

তিনি আরও বলেন, ‘দেশের মধ্যে কত সংকট, জ্বালানি তেলের অভাব—এসব বাদ দিয়া তুই আন্দোলন করস। আর কোনো দিন যদি রাস্তায় নামছস, একটারেও ঘরে ফিরে যাইতে দিতাম না। তোরে এমপির মতো লাগে? ভোট চুরি কইরা নির্বাচন কইরা এখন আবার আন্দোলন মারাও? তোমারে কেউ কিছু করতে পারবো না... একবারে চোখ তুইল্লালবাম।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদুল্লাহ বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে সরকার মোতাহার হোসেন তালুকদারকে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত সোহরাব হোসেন স্থানীয় বিএনপির একজন কর্মী ও সমর্থক।

হুমকির বিষয়ে সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ বলেন, ‘চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ায় একটি পক্ষ ক্ষুব্ধ হয়ে এলাকায় অস্থিরতা সৃষ্টি ও সংঘাত বাধানোর চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘জীবন-মৃত্যু আল্লাহর হাতে। এ ঘটনায় আমি ব্যক্তিগতভাবে আতঙ্কিত নই। তবে এ ধরনের ঘটনা সামাজিক পরিবেশ নষ্ট করে এবং উসকানি দিয়ে ঝগড়া লাগানোর পাঁয়তারা করা হচ্ছে। ভিডিও বক্তব্য অনুযায়ী হুমকিদাতা মোতাহার হোসেন তালুকদারের লোক। মোতাহার হোসেন তালুকদারের বিরুদ্ধে কথা বললে আমার চোখ তুলে ফেলবে—এ নিয়ে আর বোঝার কিছু নেই।’

অভিযোগের বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার বলেন, অভিযুক্ত ব্যক্তি দলের কোনো পদধারী নেতা নন, সর্বোচ্চ একজন সমর্থক হতে পারেন। বিষয়টি জানার পরপরই তিনি ওই ব্যক্তিকে ভিডিও ডিলিট করতে নির্দেশ দিয়েছেন এবং এমন আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন।

তিনি আরও বলেন, ‘কিছুদিন আগেও অভিযুক্ত এই ছেলের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এমপির সমর্থকরা। আমি বারবার থানায় বলার পরেও এমপির লোকজনের বিরুদ্ধে সে মামলা নেয়নি। এমপি সাহেব আমার বিরুদ্ধে বট বাহিনী দিয়ে বিভিন্ন সময় অপপ্রচার চালায়। আমি নাকি সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করি। অথচ আমার নিজেরই ব্যক্তিগত গাড়ি রয়েছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমি কখনো ব্যবস্থা নিইনি। অথচ তারা কিছু হতে না হতেই আমাদের বিরুদ্ধে মামলা করে দেয় থানায়।’

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাশিদ বলেন, এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিসের তারাকান্দা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন ফয়েজী আজ শনিবার বেলা তিনটার দিকে কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন

×