জাহাঙ্গীর হত্যার রহস্য উদঘাটন করতে না পারলে এমপি পদ ছাড়ব: ফজলুর রহমান
শনিবার সন্ধ্যায় মিঠামইন বাজারের বালুর মাঠে জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় ফজলুর রহমান। ছবি: সমকাল
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১২:১৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ১২:৪৬
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলার প্রকৃত রহস্য উদঘাটন করতে না পারলে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-অষ্টগ্রাম-মিঠামইন) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান।
শনিবার সন্ধ্যায় মিঠামইন বাজারের বালুর মাঠে জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত এক নাগরিক শোকসভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
জাহাঙ্গীর হত্যা মামলার তদন্ত প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনি তদন্তে কোনো ধরনের হস্তক্ষেপ করেননি। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জের পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছেন। তাদের পরামর্শ অনুযায়ী তিনি ধৈর্য ধরে অপেক্ষা করছেন। তিনি জানান, মামলার গ্রেপ্তার হওয়া আসামিদের আবারও পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
ফজলুর রহমান বলেন, 'আমি অপেক্ষা করছি। তারা যদি হত্যার রহস্য উদঘাটন করতে না পারে, তাহলে আমি যেখানে যাওয়ার সেখানে যাব। বাংলাদেশে এমন কোনো উঁচু জায়গা নেই, যেখানে আমার নাগাল নেই। জাহাঙ্গীর হত্যার প্রকৃত রহস্য আমি বের করবই। যদি এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে না পারি, তাহলে আমি এমপি পদ ছেড়ে দেব।'
বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, 'মিঠামইন থানায় জামায়াতে ইসলামী ২৪ হাজার ভোট পেয়েছে। মিঠামইনে জামায়াত কোথা থেকে এলো? কে তাদের ভোট দিল?' গত নির্বাচনের ফলাফলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মিঠামইন ইউনিয়নে তিনি মাত্র ৯ ভোটের ব্যবধানে হেরেছিলেন। পাশের গোপদিঘী ইউনিয়নের একটি কেন্দ্র ছাড়া প্রায় সব কেন্দ্রেই তিনি পিছিয়ে ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই রাত পৌনে ১০টার দিকে মিঠামইন সদর এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর। পরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন। পরে পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী তসলিমা আক্তার চৌধুরী তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মিঠামইন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তের স্বার্থে আদালত গ্রেপ্তার তিন আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- মিঠামইন
- ফজলুর রহমান
- সংসদ সদস্য