ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১
সকাল ৮টা থেকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক দখল করে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ছবি: সমকাল
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৪:০৮
কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের সংঘর্ষে মাসুদ মিয়া (৩৭) নামের এক যুবক নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে উভয়পক্ষের অর্ধশত লোক।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ। সংঘর্ষে মিরারচর গ্রামের হিরণ মিয়া নামে আরও একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পুলিশ এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করেনি।
সকাল ৮টা থেকে ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়ক দখল করে আকবরনগর ও মিরারচর গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের কারণে প্রায় এক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। একই সঙ্গে ভৈরব-ময়মনসিংহ রেলপথও প্রায় চার ঘণ্টা বন্ধ ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিমন্ত্রী শরীফুল আলম রোববার দুই গ্রামের নেতাদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে সমস্যা সমাধানে ১০ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয় এবং তিন দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়।
তবে সেই আশ্বাসের ২৪ ঘণ্টা পার না হতেই সোমবার সকালে দুই গ্রামের লোকজন আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পুলিশ এক ঘণ্টা পর সড়ক থেকে তাদের সরিয়ে দিলেও পরে দুই পক্ষ নিজ নিজ গ্রামে এবং রেলপথ এলাকায় আবারও সংঘর্ষে লিপ্ত হয়।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের মধ্যে বাসস্ট্যান্ডসংলগ্ন বাজারের নামকরণ নিয়ে প্রায় ৪৫ বছর ধরে বিরোধ চলছে। আকবরনগরবাসীর দাবি, বাজারটি ‘আকবরনগর বাসস্ট্যান্ড ও বাজার’ নামে পরিচিত হবে। অন্যদিকে মিরারচরবাসী বাজারটিকে ‘মিরারচর বাসস্ট্যান্ড’ নামে দাবি করে আসছেন।
এ বিরোধকে কেন্দ্র করে গত ১৫ বছরে অন্তত তিনবার বড় ধরনের সংঘর্ষ হয়েছে। বিভিন্ন সময়ে সালিশ ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি। এক পর্যায়ে সিদ্ধান্ত হয়েছিল, বাসস্ট্যান্ডটি ‘মিরারচর-আকবরনগর বাসস্ট্যান্ড’ নামে পরিচিত হবে। প্রায় ১০ বছর আগে বাজার কমিটিও ক্যাশমেমো ও সাইনবোর্ডে দুটি গ্রামের নাম একসঙ্গে ব্যবহারের সিদ্ধান্ত নেয়। তবে সবাই তা মেনে চলেননি।
তিন বছর আগে সড়ক ও পরিবহন বিভাগ সেখানে একটি সাইনবোর্ড স্থাপন করে, যেখানে শুধু ‘আকবরনগর বাজার’ লেখা ছিল। পরে ওই সাইনবোর্ড অপসারণকে কেন্দ্র করেও দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আকবরনগর গ্রামের রবিন সওদাগর ও জাহানারা আক্তার বলেন, বাজারটির চারপাশই আকবরনগর গ্রামের অংশ এবং এটি আকবরনগর মৌজার মধ্যে অবস্থিত। তাই বাজারটির নাম আকবরনগরই থাকা উচিত।
অন্যদিকে মিরারচর গ্রামের শফিকুল ইসলাম ও আমিন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী বাজারটিকে মিরারচর বাজার ও বাসস্ট্যান্ড হিসেবে চেনে। তাই এককভাবে ‘আকবরনগর বাজার’ নাম তারা মেনে নেবেন না।